ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি, ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে এবং যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর হয়েছে, তাদেরই ভোটার করা হয়েছে। ২৯৯ আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে, ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। সাংবাদিকেরা যেন সঠিক তথ্য ব্যবহার করেন এবং অপতথ্য যেন প্রচার না হয়—এ আহ্বান জানান তিনি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় নির্বাচন কমিশন এবং সবাইকে দায়িত্বশীল হতে হবে বলেও তিনি উল্লেখ করেন। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের সুবিধার্থে এই মিডিয়া সেন্টার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগতে পারে, তবে সব কেন্দ্রের ফলাফল ও ব্যালট গণনায় যে সময় লাগবে, সেটুকু সময় দিলেই ফলাফল প্রকাশ দীর্ঘায়িত হবে না।



