মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি রাস্তা ভরাটের আড়ালে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভরাট কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনের প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার দিকে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি রাস্তা ভরাটের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে একটি পুকুর ভরাট করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এবং পুনরায় ড্রেজার ব্যবহারের তথ্য পাওয়ার ভিত্তিতে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, এর আগেও একই ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে পুনরায় সেই ড্রেজার ব্যবহার করে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট কার্যক্রম চলমান অবস্থায় পাওয়া গেলে ড্রেজার মেশিনটি পুনরায় ধ্বংস করা হয়।
তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



