সোমবার, জুন ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়রাজধানীতে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীতে সন্ত্রাসী হামলা, ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনার আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের লুৎফুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত বিল্লাল হোসেনকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেনের বাড়ি মালিবাগের বাগানবাড়ি এলাকার ৫১২ নম্বর বাসায়। তিনি মৃত ইউসুফ তালুকদারের ছেলে। পেশায় তিনি ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments