মো: মাকসুদুর রহমান, শেরপুর জেলাপ্রতিনিধি:
প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেরপুর সদর উপজেলার মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত পাঁচটি স্থান পরিদর্শন করেন। এ সময় যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, জমির পরিমাণ ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা মূল্যায়ন করা হয়।
পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, বিএমডিসি মনোনীত সদস্য অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারিগরি মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে। কলেজটি বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।



