দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সুশাসন প্রতিষ্ঠা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকস্বার্থ সংরক্ষণের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইসলামী ব্যাংক ফুলপুর শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে ও দাবি আদায়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
ইসলামী ব্যাংকের বর্তমান অবৈধ চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ।
এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়কট।
গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বার্থ সংরক্ষণ।
গ্রাহকদের ওপর পুলিশের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ও আস্থার আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে নানা অনিয়ম ও বিতর্ক সৃষ্টি হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। লাখো গ্রাহকের আমানত ও আস্থার এই ব্যাংকটিতে সুশাসন ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা আরও বলেন, ‘আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়, বরং ব্যাংকের স্থিতিশীলতা ও আমানতকারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজপথে দাঁড়িয়েছি। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ব্যাংকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।



