দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের বওলা ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইউসুফ ও উপজেলা এলজিইডি প্রকৌশলী। গতকাল মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) তারা সরেজমিনে গিয়ে এই উন্নয়ন কাজগুলোর বর্তমান অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তারা চন্দ্রপুর রাজাপাড়া থেকে কোকাইল ১ম খণ্ড নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তা এবং বামনখিলা বাজার থেকে হাতিবান্ধাগামী রাস্তার সলিং করন কাজের মান যাচাই করেন। এছাড়া, বিলাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বওলা ইউনিয়নের সৈয়দগড়পুর গ্রামে আজিজের দোকানের সামনে নবনির্মিত ইউ-ড্রেনের কাজও পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন মানসম্মত হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সরেজমিনে কাজের অগ্রগতি দেখছি এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছি।”
এসময় এলজিইডি প্রকৌশলী উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কাজগুলো দ্রুততম সময়ে জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, বওলা ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা ও জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনের সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



