বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা।বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভায় দুলু এসব মন্তব্য করেন। তিনি জানান, বিএনপির নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারীর জন্য ফ্যামিলি কার্ড থাকবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সুবিধা দেওয়া হবে। দুলু বলেন, অতীতের কোনো সরকার এই সুযোগ সুবিধা দেয়নি, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।সভায় জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



