একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধুরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ (সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) ও ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)।



