শেরিফ হোসেন , জেলা প্রতিনিধি নীলফামারী:
রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক হাজীপুর এলাকার খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপরদিকে বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন এক চালকের সহকারী (হেলপার)। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালেৃ পাঠিয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



