নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার নেতা জনাব মোঃ আব্দুল মতিন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম সাহেব এবং হোমনা-তিতাস উন্নয়ন ফোরামের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী মাওলানা অধ্যক্ষ মোঃ ছাইদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, নির্বাচন, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ ইব্রাহীম খলিল, হোমনা পৌরসভা শাখার আমীর মাওলানা মোঃ জায়েদুর রহমান মজুমদার, ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান আলোকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মতিন স্যার বলেন, “একজন আদর্শ কর্মী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও আত্মশুদ্ধির বিকল্প নেই। সংগঠনের আদর্শকে ধারণ করে সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা কাজী অধ্যক্ষ ছাইদুল হক বলেন, “এই শিক্ষা শিবিরের মাধ্যমে কর্মীদের মাঝে আদর্শিক চেতনা, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে। প্রত্যেক কর্মীকে দ্বীনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি নাজিম উদ্দিন মোল্লা তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলাই এ ধরনের শিক্ষা শিবিরের মূল লক্ষ্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অর্ধ-দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা, দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক প্রশিক্ষণ এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



