নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা পৌরসভার প্যানেল আইনজীবী হিসেবে তিনজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা হয়েছে।
সোমবার পৌর নির্বাহী কর্মকর্তা এটিএম নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে এ চুক্তি সম্পাদন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত প্যানেল আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, অ্যাডভোকেট মফিজুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট চানু চন্দ্র দেবনাথ।
পৌরসভা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই তিন আইনজীবীকে নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়। এর ধারাবাহিকতায় সোমবার তারা তিন শ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন।
চুক্তি অনুযায়ী, তারা এখন থেকে পৌরসভার সকল আইনি মামলা পরিচালনা ও প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করবেন।
পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দক্ষ ও অভিজ্ঞ এই আইনজীবী প্যানেল নিয়োগের ফলে পৌরসভার চলমান ও ভবিষ্যৎ আইনি জটিলতা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
চুক্তি সম্পাদন শেষে নবনিযুক্ত আইনজীবীরা পৌরসভার উন্নয়ন কার্যক্রমে আইনগত সহায়তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, নিয়োগসংক্রান্ত অনুলিপি অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে।



