নাজমুল সাদ ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে পুত্র ও পুত্রবধূদের মারধরে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। ২ মে শনিবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত ছামফুলের নেছা (৭৮) অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার সন্তানরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ তার ছেলে আতাউল্লার স্ত্রীসহ আরও কয়েক পুত্রবধূ মিলে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে।
তবে ঘটনার নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃদ্ধার স্বামী আগে কিছু জমি তার নামে লিখে দেন। পরবর্তীতে ওই জমি তিনি তার এক ছেলেকে লিখে দিলে, সেই ছেলে মালিকানা পেয়ে জমিটি প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করেই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, বৃদ্ধার স্বামী বর্তমানে অভিযুক্ত ছেলেদের সঙ্গেই বসবাস করছেন এবং তিনি স্বেচ্ছায় সেখানে থাকছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত ছেলে আতাউল্লা ঘটনার বিষয়ে বলেন, এটি পারিবারিক বিষয় এবং এর পেছনে বড় প্রেক্ষাপট রয়েছে। তবে মারধরের অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
স্থানীয়রা আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



