মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে ও পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় বাংলাদেশ পুলিশ-এর নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পিকআপে থাকা কাঠের ভূষিভর্তি বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল Royal Stag, ৪৮ বোতল Magic Moments এবং ২৪ বোতল Iconic White।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজ নকলা থানা পুলিশ একটি বড় চালান আটক করতে সক্ষম হয়েছে।”
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



