দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার আমোকান্দা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে ৪টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, উপজেলার আমুয়াকান্দা ধানমহল এলাকায় মেসার্স গৌরাঙ্গ ভান্ডার এবং মেসার্স ত্বকী ট্রেডার্স কোনো বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়াই এবং স্ট্যাম্পবিহীন ত্রুটিপূর্ণ ওজন যন্ত্র ব্যবহার করছিল। এই অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার মক্কা স্টোর এবং মেসার্স মদিনা পার্টস হাউস বৈধ লাইসেন্স বা সরবরাহকারী সনদ ছাড়াই ওজনযন্ত্র বিক্রি করছিল। এ কারণে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেসার্স মদিনা পার্টস হাউস থেকে একটি মেয়াদোত্তীর্ণ স্ট্যাম্পযুক্ত ওজনযন্ত্র জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের পরিদর্শক প্রকৌশলী মেহের আপফান।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের একটি দল। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



