দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ
সময়ের সঙ্গে পাল্টাচ্ছে অপরাধের ধরন। এবার তালা বা গ্রিল নয়, ইটের দেয়াল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেটের ‘নূর টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে এ চুরি সংঘটিত হয়। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র দোকানের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। শব্দ এড়াতে তারা এ কৌশল বেছে নেয়, ফলে আশপাশের কেউ টের পায়নি।
দোকান মালিক জানান, চোরেরা দামী স্মার্টফোনসহ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে। সকালে দোকান খুলতে গিয়ে দেয়াল ভাঙা অবস্থায় চুরির বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় গোলচত্বর এলাকার ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ব্যস্ততম এলাকায় এমন সময়সাপেক্ষ চুরি কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তালা বা গ্রিল মজবুত করেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে তারা মনে করছেন।
একজন ব্যবসায়ী বলেন, “নিয়মিত পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি দেয়াল ভেঙে চুরি হয়, তাহলে আমাদের ব্যবসার নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত বিচার ও পুলিশি টহল জোরদারের দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্র শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে অভিনব এই চুরির ঘটনা এখন ফুলপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



