রবিবার, মে ১৭, ২০২৬
spot_img
Homeসারাদেশশেরপুরে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে সরকারিভাবে ‘অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার শেরপুর এলএসডি (গ্রেড-১) ও জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সদর উপজেলা খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হক ভূঁইয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান, মুসলিমা খানম নীলুসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা শফিউল আলম চাঁন, এস এম শহিদুল ইসলাম ভিপি, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, ধান-চাল ব্যবসায়ী ও প্রেসক্লাবের সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলায় পরিণত করতে কৃষকদের পাশে থেকে তাদের সকল সমস্যার সমাধানে কাজ করা হবে।
তিনি আরও বলেন, শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল ও বিভিন্ন সবজি সংরক্ষণ করতে পারেন এবং নষ্ট না হয়, সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলএসডি গোডাউনের ধারণক্ষমতা বৃদ্ধির বিষয়েও উচ্চপর্যায়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সংগ্রহের মাধ্যমে সরকার কৃষকের স্বার্থ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম কৃষকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের খাদ্য মজুদ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ২২৯ মেট্রিক টন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments