ওয়াদুদ আহমেদ মিলু, রংপুর প্রতিনিধিঃ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় চাপারহাটে তিনটি গরু বিক্রি করে সহযোগী মিষ্টার আলীকে নিয়ে বাড়ি ফিরছিলেন গরু ব্যবসায়ী রবিউল ইসলাম। পথে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে জোরপূর্বক একটি মুরগির খামারে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র ও পিস্তলের ভয় দেখিয়ে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা হাতিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা দুই ভুক্তভোগীর চোখ বেঁধে ও হাত বেঁধে মারধর করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে গত ৩ এপ্রিল কালীগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯৫/৩৪ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত ছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোমছেদুল খান বুলবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



