দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা-এ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ বুধবার (২৪ জুন) দিবাগত রাতে ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহজাহানের ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কায়সারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ছনধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মুসতাক আহমেদকেও তার বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম ও সিদ্দিক, ছাত্রলীগ কর্মী রামিম, রাতুল হাসান ও হুমায়ুন কবীর এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী বা সমর্থক টুটুল ও সামিউল খান।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া ১১ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ার আওতায় পাঠানো হয়েছে। এটি কোনো রাজনৈতিক হয়রানি নয়, বরং মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ বলেও জানান তিনি।
অন্যদিকে, চলমান ধরপাকড় নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বলেন, “বিগত সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। যারা সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।”
থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।



