দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার ” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)” ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিচিতি সভায় ফুলপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারি সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও ফুলপুরের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



