দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে খড়িয়া নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২৬ খ্রিঃ) এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদী থেকে অবৈধ ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর ২০টি নিষিদ্ধ চায়না দোয়ারি এবং ১টি ফিক্সড চায়না জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ক্ষতিকর জালগুলো আইনানুযায়ী প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে তিনি জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। দেশীয় মাছের প্রজনন ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিস এবং ফুলপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।



