লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর এসিড নিক্ষেপ, অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওয়াদুদ আহমেদ অভিযোগ করেছেন যে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাই মোটরসাইকেল ও অস্ত্র দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্তদের বিরাগভাজন হন।
অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে চলবলা ইউনিয়ন পরিষদের সামনে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সর্বশেষ গত ১২ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে মোবাইল ফোনে ডেকে চলবলা ইউনিয়ন পরিষদের সামনে নেওয়া হলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাকে ঘিরে ফেলে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে দাবি করা হয়েছে, এক পর্যায়ে একজন অভিযুক্ত তার ডান হাতের তালুতে এসিড নিক্ষেপ করে। পরে আরেকজন চেতনানাশক মিশ্রিত টিস্যু নাকের সামনে ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। অচেতন অবস্থায় তার পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগ করা হয়েছে।
রাত প্রায় ১২টার দিকে জ্ঞান ফিরলে তিনি ইউনিয়ন পরিষদের পেছনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাক-চিৎকার শুনে স্থানীয় এক দোকানদার এগিয়ে এসে প্রাথমিক সহায়তা দেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি ইউনিটে রেফার করেন। পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায়ও চিকিৎসা নিতে হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, চিকিৎসাধীন থাকায় নির্ধারিত সময়ে থানায় এজাহার দিতে পারেননি। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এখনও তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



