দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফুলপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ মৌসুমের উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মরিচ বীজ, লেবুর চারা ও বিভিন্ন গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক সার ও জৈব সারসহ অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা খরিফ মৌসুমে উপজেলার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক সময়ে সঠিক উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন ধরে রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।



