ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আরও উন্নতি করেছে। তাই তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতের ঘটনা সূত্রে জানা যায়, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেন। এ ঘটনায় নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকেই আহত হন।
প্রাথমিক চিকিৎসার জন্য গুরুতর আহত নুরকে ইসলামী ব্যাংক হাসপাতাল নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ঢামেক পরিচালক জানান, নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।



