সাধারণ মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীতে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বনানী থানা আমির মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির। এছাড়া ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য এবং সেই লক্ষ্যেই জামায়াত সর্বদা আপসহীন ভূমিকা পালন করে আসছে। তিনি কুরআন ও হাদিস উদ্ধৃত করে মানুষের কল্যাণে নিবেদিত থাকার গুরুত্ব তুলে ধরেন।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল, যারা মানুষকে ইসলামী সাহিত্যচর্চা ও চরিত্র গঠনে উৎসাহিত করে। তিনি আরও উল্লেখ করেন, “ক্যান্সার হাসপাতালে আমাদের এই অনুদান মানবকল্যাণে কাজ করার ধারাবাহিকতারই অংশ।”
তিনি এক ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে। একইসঙ্গে জামায়াতের বিরুদ্ধে চলমান সমালোচনা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।



