বগুড়ার রংপুর সড়কের দত্তবাড়ি এলাকায় রবিবার গভীর রাতে শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন (২৪) খুন হয়েছেন। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং বর্তমানে বগুড়া শহরের কাটনারপাড়ায় পরিবারসহ বসবাস করছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার রাতে ইকবাল হোসেন ও সেলসম্যান রতন একসঙ্গে কর্মরত ছিলেন। রবিবার সকালে ফিলিং স্টেশনের অন্যান্য কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় ক্যাশ কাউন্টারের ভিতরে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
ঘটনার পর থেকে সেলসম্যান রতন পলাতক রয়েছেন। বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং ক্রাইম সিন ইউনিট মরদেহ পর্যবেক্ষণ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ জানান, ইকবালের মরদেহ গলাকাটা অবস্থায় এখনও ঘটনাস্থলে রয়েছে। পিবিআই ও সিআইডি তদন্তে মাঠে কাজ করছে। হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।



