বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে সরকারের ৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে।
বৃহস্পতিবার শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদি সরকার জনগণের ৫ দফা দাবি উপেক্ষা করে, তবে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
ড. হেলাল উদ্দিন জানান, ওই ৫ দফা দাবির মধ্যে রয়েছে—‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘সবাইকে সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা’। তিনি বলেন, এই দাবিতে দেশের প্রায় সব রাজনৈতিক দল একমত থাকলেও সরকারের অনীহা প্রশ্নবিদ্ধ।
ড. হেলাল উদ্দিন আরো উল্লেখ করেন, জুলাই বিপ্লবের এক বছরের বেশি সময় অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই বিপ্লবের স্বীকৃতি ও আইনগত ভিত্তি দিতে ব্যর্থ। তিনি বলেন, সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর এবং বাইরে কিছু রাজনৈতিক দল সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, যার কারণে আইনগত স্বীকৃতি দেওয়া যাচ্ছে না।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ থানার রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।



