রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ শোনা যায়। ঘটনার পরপরই পুলিশ জানায়, এতে কেউ আহত হয়নি।
ঘটনাস্থল কোন থানার অধীন—এ নিয়ে দুই থানার মধ্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তেজগাঁও থানা–পুলিশের দাবি, বিস্ফোরণটি কলাবাগান থানার সীমার মধ্যেই ঘটেছে। বিপরীতে কলাবাগান থানার পুলিশ বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানার এলাকা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “বিস্ফোরণটি সার্ক ফোয়ারার পশ্চিম পাশে হয়েছে। জায়গাটি কলাবাগান থানার এলাকায়।”
অন্যদিকে কলাবাগান থানার ওসি মনিরুজ্জামান খান জানান, “ঘটনার খবর পেয়ে নিজে ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জায়গাটি আমাদের আওতায় নয়—ওটা তেজগাঁও থানার এলাকার ভেতর।”
পুলিশ ঘটনার প্রকৃতি ও উদ্দেশ্য যাচাই করছে—তবে এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো সংগঠন।



