জুলাই আন্দোলনের সময় নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগকে তাঁর কাছে অত্যন্ত গুরুতর মনে হয় এবং এই অপরাধের বিচারেও কঠোর শাস্তি প্রয়োজন। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সোমবারই জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণার আগে সকাল ১০টা ১২ মিনিটে ট্রাইব্যুনালের প্রধান গেটে পৌঁছান মীর স্নিগ্ধ। সেখানে তিনি বলেন, “দেশের জনগণ ৫ আগস্টেই তাদের মত প্রকাশ করেছে। আজ আদালত আনুষ্ঠানিকভাবে সেই রায় প্রকাশ করবে।”
তিনি আরও জানান, মামলার অভিযোগের প্রেক্ষিতে তিনি সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন।
রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং পার্শ্ববর্তী এলাকাজুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এমনকি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন। ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত এ মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন—জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর পরিকল্পনা, নির্দেশনা এবং তদারকির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত ছিলেন। তাঁকে মামলার প্রধান আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিন আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে দেশে নেই এবং তাঁরা ভারত অবস্থান করছেন বলে জানা গেছে।



