মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, যদি আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিএনপিকে ভোট দেবেন ৩০ শতাংশ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যাদের পক্ষে মত দিয়েছেন ২৬ শতাংশ উত্তরদাতা—ব্যবধান মাত্র ৪ শতাংশ।
আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের তত্ত্বাবধানে জরিপটি সম্পন্ন করেছে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় সরাসরি সাক্ষাৎকার (CAPI পদ্ধতি) নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে অংশ নেন ১৮ বছর বা তার বেশি বয়সের মোট ৪ হাজার ৯৮৫ জন। দেশের আট বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে; রাঙামাটি জেলা এই তালিকার বাইরে ছিল। জরিপকারীরা জানান, ফলাফলের নির্ভরযোগ্যতা ৯৫ শতাংশ; ত্রুটির সীমা ±১.৪ শতাংশ।
অন্যান্য দলের প্রতি ভোটারদের সমর্থনও এই জরিপে উঠে এসেছে। ফলাফল অনুসারে, নির্বাচন এখনই হলে ৬ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), ৫ শতাংশ জাতীয় পার্টিকে, ৪ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং ৮ শতাংশ ভোটার অন্যান্য দলকে ভোট দেবেন।
বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের মধ্যে সমর্থনের ব্যবধান খুব কম হওয়ায় ছোট রাজনৈতিক দলগুলো সম্ভাব্যভাবে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এনসিপি, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন—এই তিন দলের সমর্থন যদি কোনো জোটের দিকে ঝুঁকে পড়ে, তবে নির্বাচনী কৌশল ও ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তারা আরও বলেন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) পদ্ধতির কারণে জনপ্রিয়তা কাছাকাছি হলেও আসনসংখ্যায় উল্লেখযোগ্য ব্যবধান দেখা দিতে পারে।



