রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের এই সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশবাসীকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকশেষে জানানো হয়, খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য অবস্থার প্রেক্ষিতে হাসপাতালে যেন তিনি নির্বিঘ্ন চিকিৎসা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়।
এ ছাড়া তাঁর নিরাপত্তা, যাতায়াতের ব্যবস্থা, এবং সামাজিক–রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP) ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত সম্পর্কে খালেদা জিয়ার পরিবার এবং বিএনপি ইতোমধ্যে অবগত রয়েছে।



