এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, বিএনপির একটি অংশের আচরণ বর্তমান নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতোই প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, “হাসিনার ফ্যাসিবাদের সময়ও আমরা রাস্তায় ছিলাম, চুপ থাকিনি। হুমকি-ধমকি দিয়ে এবি পার্টিকে ভয় দেখানো যাবে না। আমরা সেই দলের রাজনীতি করি না, যে দল ভয় পেয়ে মাঠ ছাড়ে।”
সোমবার দুপুরে বরিশাল রিপোর্টস ইউনিটি ও বরিশাল প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে বাবুগঞ্জে তাঁর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, গত বছর দেশের রাজনৈতিক পরিবেশ এমন ছিল যে বাংলাদেশ যেন পুরোপুরি আওয়ামীকেন্দ্রিক হয়ে পড়েছিল। তাঁর ভাষায়, “আগস্টের আগ পর্যন্ত মনে হতো বাংলাদেশ শুধু শেখ পরিবারের। কিন্তু আগস্টের পরে বাস্তবতা বদলে গেছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন বিএনপিকে অনুরোধ করবো—গণতন্ত্রের রাজনীতি করুন, শহীদ জিয়ার আদর্শে থাকুন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করুন; আওয়ামী রাজনীতি অনুকরণ করবেন না।”
বাবুগঞ্জে একটি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কিছু নেতাকর্মীর হাতে তিনি এবং তাঁর সহযোগীরা লাঞ্ছিত হন বলে অভিযোগ তোলেন ফুয়াদ। তিনি দাবি করেন, বিষয়টি ছিল সরাসরি ফৌজদারি অপরাধ, অথচ ঘটনাস্থলে থাকা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। “পুলিশ শুধু দুই-তিনবার বাঁশি বাজিয়েছে—এটাই তাদের সব কার্যক্রম,” বলেন ফুয়াদ।
তিনি আরও অভিযোগ করেন, বাবুগঞ্জ ও মুলাদীর দুর্গম এলাকাগুলোতে এবি পার্টির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সেখানে রামদা ও বিস্ফোরক তৈরির প্রস্তুতি চলছে বলেও দাবি করেন তিনি। “এই বাস্তবতায় বর্তমান প্রশাসনের ওপর ভরসা করে ভালো নির্বাচন আশা করা যায় না,” মন্তব্য করেন ফুয়াদ।
হামলার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বাবুগঞ্জ থানার ওসিকে অবিলম্বে সাময়িক বরখাস্তের দাবি জানিয়ে তিনি বলেন, “এই ডিসি, এই এসপি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেভাবে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, তা নজিরবিহীন।”



