শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img

দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি নামের মহামারী সম্ভাবনাকে গ্রাস করছে। জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন ও সামাজিক বৈষম্যের মূল শেকড় হলো এই দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এখন সময়ের সবচেয়ে বড় দাবি ও জনআকাঙ্ক্ষা। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠার শুরু থেকেই জামায়াতে ইসলামী পরিচ্ছন্ন, নৈতিক ও স্বচ্ছ রাজনীতির পক্ষে অবস্থান করে এসেছে এবং সকল বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষ শৃঙ্খলা, ন্যায়, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যেখানে ক্ষমতার চেয়ে যোগ্যতা, স্বজনপ্রীতির চেয়ে সৎ মেধা এবং অসত্যের বদলে ন্যায় প্রতিষ্ঠিত হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রত্যাশার এই নতুন অধ্যায়ে প্রশাসনকে হতে হবে ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ, দায়িত্বশীল ও জনবান্ধব। দক্ষতা, যোগ্যতা ও সততার ভিত্তিতে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে, যা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, তরুণ প্রজন্ম এবং প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আসুন জুলাই বিপ্লবের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments