বাংলাদেশের রাজস্ব আয় জিডিপির তুলনায় খুবই কম উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব আহরণ বাড়াতে হলে জনগণকে সেবা দিতে হবে, সেবা নিশ্চিত হলে জনগণ ট্যাক্স দিতে আগ্রহী হবে। বুধবার ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিক, অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমা, ফরেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান ও অর্থনীতিবিদ জায়েদি সাত্তার বক্তব্য দেন। অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট সিস্টেম সহজ করতে হবে যাতে সবাই সহজে ভ্যাট দিতে পারে এবং জনগণ যে ভ্যাট দেয় তা সরকারের কোষাগারে ঠিকভাবে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। দুঃখজনকভাবে দেশে জনগণ যে ট্যাক্স দেয় তার সবটাই ঠিকমতো পৌঁছায় না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, নিজের সম্পদ না বাড়ালে সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি সম্ভব নয়। ঋণ নিয়ে উন্নয়ন করলে সরকারের ফ্লেক্সিবিলিটি কমে যায়, তাই অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো জরুরি। ভ্যাট দেওয়ার ক্ষেত্রে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই ভ্যাট নেওয়া দোকান এড়িয়ে চলে, যা সঠিক নয়। গ্রাহকদেরই বলার দায়িত্ব আছে যে ভ্যাট দিতে হবে, আর দোকানদারদেরও ভ্যাট নিশ্চিত করার বিষয়টি এনফোর্স করা উচিত।



