প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে ব্যাংক হিসাবে তিন লাখ টাকা থাকলেই বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়, যা বাড়িয়ে চার লাখ টাকা করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বছরে একবারই আবগারি শুল্ক কাটা হবে এবং একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক অ্যাকাউন্ট বা ডিল থাকলেও এখন থেকে শুধু একবারই এই শুল্ক আরোপ করা হবে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।



