মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে শহরের আজাদী ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আতিকুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



