নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সোনারহাট বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জাতীয় দৈনিক নিরপক্ষ পত্রিকার মাল্টিমিডিয়া রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মাল্টিমিডিয়া ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ ওয়াদুদ আহমেদ মিলু।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনারহাট বাজার এলাকায় দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের সময় একদল ব্যক্তির হামলার শিকার হন তিনি। এতে তিনি শারীরিকভাবে আহত হন বলে জানা গেছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সাংবাদিক মোঃ ওয়াদুদ আহমেদ মিলু অভিযোগ করেন, তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা সংযুক্ত করা হবে।



