বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশনার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশন জটিলতায় পড়েছেন অনেকেই। এসব জটিলতার সমাধানে নতুন নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমআইএস সফটওয়্যারে এনআইডি ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করতে অনেকে সমস্যায় পড়ছেন। এজন্য জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট এবং অন্যান্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। কোনো ওয়ারিশের বিষয়ে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে বা কোনো তথ্য আপলোড করা না গেলে তার কারণ ‘মন্তব্য’ বক্সে উল্লেখ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জীবিত ওয়ারিশদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণক আপলোডসহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক বা ওয়ারিশদের তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, অক্টোবরে কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে দুই মাসের মধ্যে মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।



