চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৪৯৯ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই সময়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৪৮ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। এরপর জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ১৮ লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। আলোচিত ২০ দিনে দেশি-বিদেশি মোট আটটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি, যার মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে।



