হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান স্টাফ রিপোর্টার প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পেছনে দায়ীদের ছবিসহ ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সোমবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে তিনি এই ঘৃণাস্তম্ভ উদ্বোধন করেন। এ সময় রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। হাদি হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা জানাচ্ছেন। রাশেদ প্রধান আরও বলেন, বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণ করতে হবে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণাস্তম্ভ নির্মাণের অনুমতি সরকারের কাছে দাবি করে তিনি বলেন, সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই এই ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে, সরকারের কোনো অর্থ লাগবে না।



