তারেক রহমানের প্রত্যাবর্তনে চাটমোহর থেকে ঢাকার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে ঢাকায় যাওয়ার জন্য মোট দশটি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন পাবনার চাটমোহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস জানান, পাবনার নির্বাচনি ৩, ৪, ৫ আসনের ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চাটমোহর রেলস্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এই ট্রেনে চাটমোহর, ভাগুরা, ফরিদপুর, ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।



