ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে তারেক রহমান শাহবাগ এলাকা ত্যাগ করার পর হাদি হত্যার বিচার দাবিতে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ।
আজ শনিবার সকাল ১১টার দিকে তারেক রহমানের শাহবাগে আগমনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে পার্শ্ববর্তী পশ্চিম দিকের একটি অংশে অবস্থান নেয়। তারেক রহমানের কবর জিয়ারত শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শাহবাগ চত্বর।
ইনকিলাব মঞ্চের সদস্য মুন্সি বোরহান মাহমুদ বলেন, “আমরা দুপুর ১২টার সময় আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি হাদির হত্যার বিচার দাবিতে। তারেক রহমান হাদির কবর জিয়ারত করতে আসায় নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সাময়িকভাবে শাহবাগের পশ্চিম দিকে সরে গিয়েছিলাম।”
আজ সকাল ১১টা ১৬ মিনিটে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন।
এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। রাতভর অবস্থানের পর আজ সকাল ১১টার আগে তারা সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে এক পাশে সরে যান। তবে তারেক রহমানের কবর জিয়ারত শেষে আবারও মূল মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি জোরদার করে সংগঠনটি।
শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।



