জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্রয়োজনে সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি রেমিট্যান্স যোদ্ধাকে সঙ্গে নিয়ে আবারও ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে পন্তার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। শহীদ শরিফ ওসমান বিন হাদীর বিপ্লবী জীবন নিয়ে আলোচনা ও তার শাহাদাত কবুলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শহীদ ওসমান হাদী সমর্থক ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ। ফোরামের আহ্বায়ক ও প্রবাসী সিনিয়র সাংবাদিক এবং এফবিজেএ সহ-সমন্বয়ক মোহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফোরামের সদস্য সচিব আজাদী আবুল বাশার (হেলাল)। আলোচনায় বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ) সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সাবেক সহ-সভাপতি ও এক্টিভিস্ট মীর জাহান, নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, বিসিফ-এর সাধারণ সম্পাদক নজমুল কবির, নাগরিক পরিষদ ফ্রান্সের সদস্য সচিব ইমরান আহমেদ, গবেষক ও অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, দ্য জার্নাল সম্পাদক ও এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা কাজী নজরুল, সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, তরুণ সমাজকর্মী তানভীর ওয়াদূদ, এনসিপি সদস্য সচিব শাফওয়াত হোসেন (রাব্বি রাজ), এক্টিভিস্ট আজিমুল হক খান, সাংবাদিক সরদার হাসান ইলিয়াস তানিম ও মো. হিজবুল্লাহ। শহীদ ওসমান হাদীর জীবনী তুলে ধরেন সাবেক ছাত্রনেতা ও কারু কুঠি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সভাপতির বক্তব্যে আবদুল মান্নান আজাদ বলেন, সাম্রাজ্যবাদী শক্তির থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হাদীর দেখানো পথে লড়াইয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, নৈতিকতা ও সংস্কৃতির অবক্ষয়ই রাজনৈতিক পতনের মূল কারণ এবং সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামই ছিল শহীদ হাদীর লক্ষ্য। এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদীর দেখানো পথ আজীবন দিশা দেখাবে এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী স্মৃতিচারণ করে বলেন, ওসমান হাদী ছিলেন রাজনৈতিক আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক মহান সেনানায়ক এবং তার সৈনিক হয়ে এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। ফোরামের আহ্বায়ক কামারুজ্জামান শহীদের চিন্তা বাস্তবায়ন ও স্মৃতি সংরক্ষণে ফ্রান্সসহ বিশ্বব্যাপী শহীদ ওসমান হাদী কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তারা বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে শহীদ ওসমান হাদী বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তবে কিছু রাজনৈতিক দল ও সমর্থকের ব্যর্থতা ইতিহাস মনে রাখবে। শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যার প্রকৃত বিচার এবং তার চিন্তার আলোকে ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইকরামুল কবির সালমান, রাজনীতিবিদ রেজওয়ান হিমেল, তের্খ বাংলার সম্পাদক কাওসার আহমেদ, শিক্ষানুরাগী আউয়াল রহমান দ্বীপ, ব্যবসায়ী এক্টিভিস্ট মোহাম্মদ আরাফাত, সাংবাদিক বদরুল বিন আফরুজ, সাংবাদিক ইয়াসির আরাফাত (খোকন), আবু তাহের রাজু, সাইফুল ইসলাম, মামুন মাহিনসহ অনেকে।



