অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী। গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও বিষয়টি ২৬ ডিসেম্বর রাতে প্রকাশ্যে আসে। শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। মনোনয়নপত্রের রেজিস্ট্রারে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ রয়েছে। জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানিয়েছেন, আসিফ মাহমুদ জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন। তিনি আরও বলেন, জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে, তাই একাধিক স্থানে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং ইতোমধ্যে ওই আসনে ভোটারও হয়েছেন। তিনি বর্তমানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার চূড়ান্ত বক্তব্য এখনও পাওয়া যায়নি।



