পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে। রোববার রাত ৭টা ২৮ মিনিটের দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই দিনের মহাসমাবেশ স্থগিত করা হলো। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী।



