সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত জাতীয় নির্বাচনের দিন গণভোটের সরকারি প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সব রকম প্রচার বন্ধ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন জনগণকে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে সারা দেশে প্রচারণা চলছে। সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ ১৯টি মন্ত্রণালয় এই প্রচার কার্যক্রম সমন্বয় করছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠকে বসেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। বেলা ১২টার পরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে কর্মসূচি ঘোষণা করতে পারেন।



