বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র জমা দেওয়া তিনটি আসনের কোনোটিতেই নির্বাচন স্থগিত হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। ইসি বলছে, মনোনয়নপত্র বৈধ না হওয়ায় নির্বাচন স্থগিতের কোনো কারণ নেই। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ মঙ্গলবার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন যথানিয়মেই অনুষ্ঠিত হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী কোনো প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নির্বাচন স্থগিত রেখে পুনঃতফসিল দিয়ে ভোট করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে সে ধরনের কোনো সংকট নেই। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে এএমএম নাসিরউদ্দিন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তফসিল ঘোষিত নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেন। আসনগুলো হলো বগুড়া-০৭, ফেনী-০১ ও দিনাজপুর-০৩। এসব আসনে তার শারীরিক অসুস্থতা বিবেচনায় ধানের শীষ প্রতীকে বিকল্প প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে এসব আসনে নির্বাচন স্থগিত হবে কি না—এ নিয়ে প্রশ্ন ওঠে। তবে ইসি জানিয়েছে, বৈধ প্রার্থী যাচাইয়ের আগেই তিনি মারা যাওয়ায় ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া আসনগুলোতেও ভোট হবে।



