রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এতে অনেক পরীক্ষার্থী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নিয়ে দ্বিধায় ছিলেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষাটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নি। পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো পরিবর্তন হলে তা যথাসময়ে জানানো হবে।



