পোস্টাল ভোটে নিবন্ধিত প্রবাসী ১১ লাখ ৮৩ হাজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের বাইরে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১১ লাখ ৮৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ২৫ হাজার ৯২২ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৩০ জন। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে। ভোটাররা ভোট প্রদান করে ফেরত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। এবার প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। নিবন্ধন ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। নিবন্ধন চলছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সংস্থা ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রদানে অংশগ্রহণের আওতায় আনার লক্ষ্য নিয়েছে।



