বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জিয়া উদ্যানে ভিড় করছেন। কবর জিয়ারত করে দোয়া করছেন অনেকে, আবার অনেককে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কবর জিয়ারত করেছেন। এছাড়া পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকেও কবর জিয়ারত করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচু বলেন, সীমান্তবর্তী জেলা থেকে আমরা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা জানাতে এসেছি এবং আগামী দিনে তার রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে থাকব। খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব; তার মৃত্যু, জানাজা ও পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।



