জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েছেন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে গেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তির পর ভেন্টিলেশনে রাখা হয়। এরপর আজ তিনি বাসায় ফিরেছেন। ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রভাবশালী নেতার শারীরিক অবস্থার খবর রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।



